গাজীপুরের কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল ও গ্রেনেড নিক্ষেপ, কারখানা বন্ধ

গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

শনিবার সকালে যমুনা ডেনিম গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেয়। তারা আগে থেকেই বিভিন্ন দাবিতে আন্দোলন করছিল। কারখানা কর্তৃপক্ষ তাদের পূর্বের দাবি মেনে নিলেও সেদিন শ্রমিকরা কিছু নতুন দাবি তোলেন।

সকাল ৯টার দিকে কারখানায় প্রবেশ করা শ্রমিকদের ছুটি দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকদের একটি অংশ তখন কারখানার সামনের সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বেধে যায়।

পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়েন। এই সংঘর্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক কনস্টেবল ইটের আঘাতে আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে শ্রমিকদের কেউ আহত হয়েছেন কিনা সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি।

পুলিশ জানায়, পরিস্থিতির অবনতিতে সকাল ১০টার দিকে কারখানা কর্তৃপক্ষ প্রধান গেটে নোটিশ টাঙ্গিয়ে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরপর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

কোনাবাড়ি থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন মাহমুদ বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।