লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের আট দিন পর হাত-পা বাঁধা অবস্থায় এক ছাত্রলীগ কর্মীর লাশ একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঢাকা থেকে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামের এক প্রবাসীর ফাঁকা বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

নিহত ফজলে রাব্বি (২১) সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ও ছাত্রলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে ঢাকা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে পুলিশ আটককৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি।

নিহতের চাচা মো. সোহরাওয়ার্দী বলেন, তার ভাতিজা রাব্বি গত ১৬ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার আসেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন নিখোঁজের সংবাদ পেয়ে তার বাবা বেল্লাল হোসেন চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার স্থানীয়রা চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তীব্র দুর্গন্ধ পায়। ট্যাংকটি খুলে দেখতে গেলে তারা ভেতরে হাত-পা বাঁধা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কে বা কোন গোষ্ঠী কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য মামলার প্রস্তুতি চলছে।”