কেরাণীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

দুই দিন চিকিৎসাধীন থাকার পর কেরাণীগঞ্জে গুলিবিদ্ধ এক ইউনিয়ন বিএনপি নেতা মারা গেছেন।

হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুরুতর আহত অবস্থায় রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কেরাণীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম।

নির্বাচনি প্রচার শুরুর প্রথম দিন বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয়ের সামনে তাকে গুলি করা হয়েছিল। ঘটনার দিন পুলিশ জানিয়েছিল, একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় অজ্ঞাত আততায়ীরা তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছিলেন। শুক্রবার ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার হয়। তবে পরিস্থিতির অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য হলিফ্যামিলি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হলেও কিছু সময় পর আবার ঢাকা মেডিকেলে ফিরিয়ে আনা হয়। শুক্রবার বিকালে অস্ত্রোপচারের পর তার অবস্থা অবনতি হলে রাত সাড়ে ৮টার দিকে তাকে হলিফ্যামিলি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।