রাজধানীর মুগদা এলাকার একটি বাসায় রান্নাঘরের গ্যাসের আগুনে দগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার ( ২৩ জানুয়ারি ) দুপুরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহত উজ্জ্বল হোসেন (৩০) মুগদার মান্ডা এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় ভাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে।
উজ্জ্বলের বাবা জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে উজ্জ্বল রান্নাঘরে ডিম ভাঁজতে গ্যাসের চুলা জ্বালান। ম্যাচ ব্যবহার করার পরই হঠাৎ আগুন ধরে যায় এবং সে দগ্ধ হয়। ঘটনার পর তাকে ভোররাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, উজ্জ্বলের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসা চলা অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
