ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
প্রায় দেড় দশক যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। এরপর দলের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে তাকে দেখা গেলেও এখন পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেননি।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। তারেক রহমান নিজে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নতুন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
