ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ইতিবাচক রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা সাতটার দিকে তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান।
দেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনে জয়ের পর সরকারপ্রধান হতে যাওয়া কোনো নেতার মূল প্রতিদ্বন্দ্বীর বাসায় যাওয়া নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি তাদের ফেসবুক পেজে এ সাক্ষাৎকে ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনা’ হিসেবে আখ্যায়িত করেছে।
বিএনপি চেয়ারম্যানের এই সফরসঙ্গী ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ। জামায়াতের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।
বিএনপির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, দলের একাধিক জ্যেষ্ঠ নেতার পরামর্শেই তিনি এই সাক্ষাতের আয়োজন করেন। এর আগে শনিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, তারেক রহমান জামায়াত আমিরের বাসায় যাবেন। একই দিনে জানানো হয়, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়ও যাবেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে জামায়াতের জোটসঙ্গী ছিল জুলাই আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত এনসিপি।
অপরদিকে, শনিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত আমির শফিকুর রহমান জানিয়েছিলেন, এ সাক্ষাতে তিনি বিএনপি চেয়ারম্যানের কাছে দলের নেতাকর্মীদের সহিংসতা ও বিশৃঙ্খল আচরণ দমনে কঠোর অবস্থান নেওয়ার অনুরোধ জানাবেন।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বিবদমান রাজনৈতিক সংস্কৃতিতে এই সাক্ষাৎ ভবিষ্যতের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করতে পারে।
