ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বেইলি রোডে এনসিপি আহ্বায়কের বাসায় যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তারেক রহমানকে বাসায় স্বাগত জানান নাহিদ ইসলাম। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ দলের অন্যান্য নেতারাও সে সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে জয় পেয়েছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে সামনের সারিতে থাকা এই নেতার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান।
এর আগে একই দিন সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান তারেক রহমান। নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ও এক সময়ের জোটসঙ্গী জামায়াতের শীর্ষ নেতার বাসায় এই সাক্ষাৎকে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
