টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

নানা নাটকীয়তা, আলোচনা-সমালোচনা আর বৃষ্টি উদ্বেগ কাটিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হলো নির্ধারিত সময়েই। কিন্তু ক্রিকেটীয় লড়াই জমল না মোটেও।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইশান কিষানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি পায়। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধসে যায় পাকিস্তানের ব্যাটিং অর্ডার। তারা ১৮ ওভারে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করল ভারত।

কিষানের ঝড়, ভারতের পুঁজি

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই পাকিস্তানি অধিনায়ক সালমান আগার বলে শূন্য রানে আউট হন বিশ্বের অন্যতম সেরা এই টি-টোয়েন্টি ব্যাটসম্যান অভিষেক শর্মা। তবে অপর প্রান্তে ইশান কিষান শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন।

শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নিজের মেজাজ বোঝান কিষান। পাওয়ার প্লে-তে ভারত তোলে ৫২ রান, যার ৪২ রানই ছিল কিষানের ব্যাট থেকে। স্পিনার আবরার আহমেদকে পরপর তিন বাউন্ডারি মেরে মাত্র ২৭ বলে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি।

নবম ওভারে সাইম আইয়ুবের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেন কিষান। তার বিদায়ের পর রানগতি কিছুটা কমে গেলেও শেষ দিকে সুরিয়াকুমার যাদবের (২৯ বলে ৩২) ও শিভাম দুবের (১৭ বলে ২৭) কার্যকরী ইনিংসে ভারত ১৭৫ রানের সম্মানজনক সংগ্রহ পায়। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ২৫ রানে ৩ উইকেট নেন।

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়ার বলে শূন্য রানে আউট হন সাহিবজাদা ফারহান। জাসপ্রীত বুমরাহ নিজের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন পাকিস্তানকে।

ওপেনার সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আগা ফেরেন বুমরাহর শিকারে হয়ে। এরপর বাবর আজমও (৫) আকসার প্যাটেলের বলে বোল্ড হয়ে ফিরলে ৫ উইকেটে ৪৩ রান নিয়ে চাপে পড়ে পাকিস্তান। উসমান খান ৩৪ বলে ৪৪ রানের লড়াকু ইনিংস খেললেও অপরপ্রান্তে দ্রুত উইকেট পড়তে থাকায় আর লড়াইয়ে ফিরতে পারেনি তারা।

ভারতের বোলারদের মধ্যে হার্দিক পান্ডিয়া, বুমরাহ, আকসার প্যাটেল ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করল ভারত।

স্কোর:
ভারত: ২০ ওভারে ১৭৫/৭ (ইশান কিষান ৭৭, সুরিয়াকুমার যাদব ৩২; সাইম আইয়ুব ৩/২৫)
পাকিস্তান: ১৮ ওভারে ১১৪ (উসমান খান ৪৪, হার্দিক পান্ডিয়া ২/১৬)
ফল: ভারত ৬১ রানে জয়ী
ম্যাচ সেরা: ইশান কিষান