ত্রয়োদশ সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই দলটির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি জানান, নতুন সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানানো হয়েছে।”

রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আগামীতে দেশ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জামায়াতের এই নেতা বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে দুই দল। তারেক রহমান ও জামায়াত আমিরের এ সাক্ষাৎ আগামীর রাজনীতিতে ইতিবাচক অবস্থা তৈরি করবে।”

জামায়াত নেতা আরও স্পষ্ট করে বলেন, আগামী সংসদে নিজেদের শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় রাখার কথাও জানিয়েছে দলটি। তিনি বলেন, “আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকবে, যা আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। নিজেদের মধ্যে ঝামেলা হলে ইতিবাচক আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিতে আগামী সরকার যেন কাজ করে।”

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি ২০৯টি এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।