মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর পরে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সেখানে উপস্থিত বিপুল সংখ্যক মানুষের সঙ্গে মোনাজাতে অংশ নেন তিনি।
মোনাজাত শেষে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সদস্যরা পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান। এ সময় সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় এই আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা, যা চলবে সারা দিন।
