মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বৃদ্ধি

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানী ভাতাসহ বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা বৃদ্ধি করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা নতুন প্রজ্ঞাপনে ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্ধিত এ সুবিধা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং তাদের অবদানের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া তারা প্রতি বছর উৎসব ভাতা হিসেবে ১০ হাজার টাকা, বিজয় দিবস ভাতা ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে ২ হাজার টাকা পাবেন।

একই সঙ্গে বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তারাও উৎসব ভাতা, বিজয় দিবস ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা একই হারে পাবেন।

প্রজ্ঞাপনে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্যও আর্থিক সুবিধা বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। নতুন হার অনুযায়ী, শহীদ পরিবারের সদস্যরা প্রতি মাসে ২৩ হাজার টাকা মূল সম্মানী ভাতা পাবেন। এর পাশাপাশি ২ হাজার টাকা চিকিৎসা ভাতা, ৫ হাজার টাকা খাদ্য ভাতা, ২৩ হাজার টাকা উৎসব ভাতা এবং ২ হাজার টাকা বাংলা নববর্ষ ভাতা দেওয়া হবে।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে শারীরিক অক্ষমতার মাত্রা অনুযায়ী ভাতার হার নতুন করে নির্ধারণ করা হয়েছে। এ জন্য তাদের চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘ক’ শ্রেণিভুক্ত (৯৬ থেকে ১০০ শতাংশ অক্ষম) যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা প্রতি মাসে ৩০ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন। এছাড়া জীবদ্দশায় তারা মাসিক অতিরিক্ত ৮ হাজার টাকা বিশেষ সম্মানীও পাবেন। তবে এই বিশেষ সম্মানী তাদের মৃত্যুর পর পরিবারের সদস্যরা পাবেন না।

‘খ’ শ্রেণিভুক্ত (৬১ থেকে ৯৫ শতাংশ অক্ষম) মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার টাকা। ‘গ’ শ্রেণিভুক্ত (২০ থেকে ৬০ শতাংশ অক্ষম) মুক্তিযোদ্ধারা পাবেন ২৩ হাজার টাকা এবং ‘ঘ’ শ্রেণিভুক্ত (১ থেকে ১৯ শতাংশ অক্ষম) মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট বিধিমালার আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের মতে, বর্ধিত ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীর সেনানী ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি মুক্তিযোদ্ধা পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।