অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা সাগর গ্রেপ্তার, কারাগারে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অর্থ আত্মসাৎ, হামলা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে মিজানুরকে বগুড়া আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, মিজানুরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গত বছরের ৩০ আগস্ট রুবেল প্রামাণিক নামে এক ব্যক্তি মিজানুরের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই দিন রাতে মিজানুরসহ চার-পাঁচজন মোটরসাইকেলে এসে রুবেলকে মারধর করেন। এ সময় তাকে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

অভিযোগে আরও বলা হয়, পরে ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার টাকা ও কাছে থাকা নগদ ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার দিনই রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।