নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনে চলমান রদবদলের মধ্যেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন।
‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে তিনি পুলিশ সদর দপ্তরে অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছেন। নিজের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে তিনি বলেন, আগামী নভেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও তিনি আজ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে পরিবর্তন আসার পরদিনই ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর এলো।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী আগের আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন। গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করে।
পুনর্বহাল হওয়ার পর ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি। ওই দিনই পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাহারুল আলম। সম্প্রতি দায়িত্ব নেওয়া নতুন সরকার মঙ্গলবার তাকে সরিয়ে এপিবিএন প্রধান আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেয়।
ডিএমপি কমিশনার পদেও পরিবর্তন আসতে পারে—এমন গুঞ্জন কয়েক দিন ধরেই চলছিল। তার মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন সাজ্জাত আলী।
