আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে। ফিরতি যাত্রার টিকেট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলভবনে রোববার অনুষ্ঠিত এক প্রস্তুতি সভার সিদ্ধান্ত জানিয়ে বুধবার রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
টিকেট বিক্রির সূচি
ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত। এই সময়ে শুধু অনলাইনে শতভাগ টিকেট বিক্রি করা হবে।
· ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকেট।
· ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকেট।
· এভাবে পর্যায়ক্রমে ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকেট।
ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকেট পরবর্তীতে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।
ফিরতি যাত্রার টিকেট
ফিরতি যাত্রার টিকেট বিক্রি হবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত।
· ১৩ মার্চ বিক্রি হবে ২৩ মার্চের টিকেট।
· ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকেট।
· এভাবে ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকেট।
টিকেট কেনার নিয়ম
একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রায় একবারে সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। ক্রয়কৃত টিকেট ফেরত দেওয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।
সাপ্তাহিক বন্ধ ও মালবাহী ট্রেন
১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পর পুনরায় সাপ্তাহিক ছুটি কার্যকর হবে। ঈদের আগে ১৯ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া সব ধরনের গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।
নিরাপত্তা ব্যবস্থা
ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হবে। টিকেটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ রোধে বিশেষ নজরদারি রাখা হবে। টিকেট বিক্রির নামে ফেসবুকে কোনো ভুয়া লিংক ছড়ালে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিশেষ ট্রেনের সূচি
ঈদ উপলক্ষে পাঁচটি রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ট্রেনগুলোর নাম ও সময়সূচি নিম্নরূপ:
· চট্টগ্রাম-চাঁদপুর রুট: ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। ফিরতি ট্রেন ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ ভোর ৪টায় চাঁদপুর ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
· ঢাকা-দেওয়ানগঞ্জ রুট: ‘তিস্তা স্পেশাল-৩’ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে বিকেল সাড়ে ৩টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ‘তিস্তা স্পেশাল-৪’ দেওয়ানগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে রাত সোয়া ১০টায় ঢাকায় পৌঁছাবে।
· ভৈরববাজার-কিশোরগঞ্জ রুট: ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫’ ভৈরববাজার থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ফিরতি ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৬’ বেলা ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।
· ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুট: ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭’ ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৮’ বেলা ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।
· জয়দেবপুর-পার্বতীপুর রুট: ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯’ জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে রাত আড়াইটায় পার্বতীপুর পৌঁছাবে। ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-১০’ সকাল সোয়া ৮টায় পার্বতীপুর ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।
