বিএনপির নেতৃত্বে নতুন সরকারের অগ্রাধিকার ও চিন্তা-ভাবনা বাস্তবায়নের অংশ হিসেবেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে বুধবার অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে প্রত্যাহার করে তার স্থলে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “একটা সরকার নতুন করে এসেছে। স্বাভাবিকভাবেই নতুন সরকারের কিছু অগ্রাধিকার থাকে। শুধু বাংলাদেশ ব্যাংকেই নয়, আরও অনেক জায়গায় পরিবর্তন আনা হয়েছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া।”
তিনি আরও ব্যাখ্যা করে বলেন, “নতুন সরকারের নিজস্ব কর্মসূচি, পছন্দ ও চিন্তা-ভাবনা রয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য যেখানেই প্রয়োজন, সেখানেই পরিবর্তন আসবেই।”
এসময় অর্থমন্ত্রী আগামী দিনেও বিভিন্ন ক্ষেত্রে আরও রদবদলের ইঙ্গিত দেন।
উল্লেখ্য, পোশাক শিল্পের ব্যবসায়ী মোস্তাকুর রহমান অতীতে পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ ও আবাসন ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যাংকার, অর্থনীতিবিদ বা সরকারি আমলার বাইরে একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হল, যা ব্যাংক খাতে নতুন মাত্রা যোগ করেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার তাকে আগামী চার বছরের জন্য এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রসঙ্গত, গত বছর গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ আগস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তার নেতৃত্বে ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম শুরু হলেও দেড় বছর পার না হতেই তার অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন এই নিয়োগ দেওয়া হলো।
