বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের কড়াকড়ি নির্দেশনার পর রাজধানীর বিভিন্ন শপিংমল ও বাণিজ্যিক ভবনের বাহারি আলোকসজ্জা অনেকটাই কমে গেছে। কয়েকদিন আগেও যেখানে রাতভর ঝলমলে আলোয় আলোকিত ছিল অনেক বিপণিবিতান, সেখানে এখন বেশিরভাগ স্থানে আলো বন্ধ রাখতে দেখা যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করেছে। সেই পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ ব্যবহার কমাতে গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ ১১ দফা নির্দেশনা জারি করে। এতে অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার সীমিত করা, আলোকসজ্জা বন্ধ রাখা এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাহারি আলো ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
তবে নির্দেশনা জারির পরও রাজধানীর অনেক মার্কেট ও শোরুমে কয়েকদিন ধরে আগের মতোই আলোকসজ্জা চালু ছিল। ব্যবসায়ীদের একটি অংশের দাবি ছিল, ঈদকে সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতি বছরই তারা এমন আলোকসজ্জা করে থাকেন। তাই মৌসুম বিবেচনায় এবারও একই ব্যবস্থা রাখা হয়েছিল।
পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি ও অভিযান শুরু করে। এরপর থেকেই বেশ কিছু মার্কেট কর্তৃপক্ষ তাদের আলোকসজ্জা বন্ধ রাখতে শুরু করে।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শান্তিনগরের টুইন টাওয়ার্স কনকর্ড শপিং কমপ্লেক্স, কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি, বিজয়নগর ও পুরানা পল্টনের কয়েকটি বড় শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনের বাইরের আলো বন্ধ রাখা হয়েছে, যা আগে রাতের বেলায় বেশ নজরকাড়া ছিল।
