মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: নুরুল হক নুর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই সংঘাত থেকে বেরিয়ে আসার কৌশল খুঁজছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, দীর্ঘমেয়াদি সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই নয়, প্রবাসী বাংলাদেশিদের জীবন-জীবিকাকেও ঝুঁকির মুখে ফেলছে।

শুক্রবার (১৩ মার্চ) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হামদর্দ বিশ্ববিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদ (জিওপি) মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে এ পর্যন্ত বহু বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন। যুদ্ধের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাবে কর্মক্ষেত্র, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এসব সংকটের ফলে বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও আয়ের ধারাবাহিকতা বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শক্তিগুলোর ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মধ্যপ্রাচ্যকে দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল করে রেখেছে। এখন যুক্তরাষ্ট্রও বুঝতে পারছে, এই সংঘাত দীর্ঘায়িত হলে এর অর্থনৈতিক ও কৌশলগত মূল্য অনেক বেশি হয়ে উঠতে পারে। তাই তারা ধীরে ধীরে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করা প্রয়োজন।

রতন বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য জনগণের প্রত্যাশার সঙ্গে রাজনীতিকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মত দেন।

স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।