কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানির ঘটনায়  শোক  কৃষিমন্ত্রীর

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একসঙ্গে বহু মানুষের মৃত্যুকে তিনি অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে দ্রুত চিকিৎসা সহায়তা ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজধানী থেকে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, একসঙ্গে এত মানুষের প্রাণহানি জাতির জন্য একটি বড় আঘাত এবং এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। বিশেষ করে রেলক্রসিংগুলোতে আধুনিক সিগন্যাল ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত তদারকি বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।

শোকবার্তার শেষাংশে তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।