প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় অগ্রাধিকার

প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু করা হচ্ছে বিশেষ সুবিধাসম্পন্ন ‘প্রবাসী কার্ড’। এই কার্ডধারীরা বিমান টিকিটে ছাড়, বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধার পাশাপাশি ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা পাবেন।

মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণ এবং বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করণীয় বিষয়ে এক অবহিতকরণ সভায় এসব সুবিধার কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। এতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে উল্লেখ করলেই হবে না, তাদের যথাযথ মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রবাসী কার্ড চালুর মাধ্যমে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি প্রবাসী কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য বিমানসেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে চালু করা হয়েছে শাটল বাস সার্ভিস।

তিনি বলেন, প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত ও সহজ বিমানসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া প্রবাসী কার্ডধারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।

এদিকে প্রবাসী কার্ডধারীদের ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা হয়েছে। সেখানে প্রবাসীদের জন্য ভূমি অফিসে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের সুযোগ, দ্রুত নামজারি ও মিউটেশন সম্পন্ন, ভূমি অফিসে প্রবাসী কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার দেওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়।

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং সরকারি সেবা সহজ করার লক্ষ্যে প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, প্রবাসী কার্ডধারীদের জন্য প্রস্তাবিত সব ধরনের ভূমি সেবা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসব সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে দেওয়ার জন্য মন্ত্রণালয়ে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিরা বিমান ও ভূমি সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা আরও সহজে এবং দ্রুত পেতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।