প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। এ সময় দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা, শিল্পের চ্যালেঞ্জ এবং বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বুধবার (২২ জুলাই, ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে এ খাতের টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পবান্ধব নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বৈঠকে নেতারা বলেন, দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প বিকাশে বস্ত্রখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও শক্তিশালী করতে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে বস্ত্রখাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।
বৈঠকে বস্ত্রশিল্পের বিভিন্ন সমস্যা পর্যালোচনা ও তা সমাধানের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ খাতের সমস্যা চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়াসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলামও বৈঠকে অংশ নেন।
