যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সোমবার রাতে পাঠানো এক অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর শান্তি, সমৃদ্ধি ও সফল নেতৃত্ব কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী বলেন, অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া তার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণ ও লেবার পার্টির আস্থার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সমসাময়িক বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দুই দেশের অংশীদারত্ব গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের আদর্শ এবং জনগণের নিবিড় সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে। গত কয়েক দশকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক কেবল রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান আন্তরিক বন্ধন এ সম্পর্ককে আরও সমৃদ্ধ করেছে।”
অভিনন্দনবার্তায় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের মধ্যে এক অনন্য সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। তাদের অবদান উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে।”
দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।
বার্তার শেষাংশে অ্যান্ডি বার্নহ্যামের সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ এবং সফল কর্মময় দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দলটির নেতৃত্বে তিনি জাতীয় নির্বাচনে বিজয় অর্জন করে সরকার গঠনের পথ সুগম করেন।
