জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন পাউচের জাতীয় মান নির্ধারণের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। সংগঠন দুটির দাবি, নিকোটিন পাউচের মান নির্ধারণ নয়, বরং বাংলাদেশে এ পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত।
মঙ্গলবার (২১ জুলাই) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজ্ঞা ও আত্মা জানায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ট্যোবাকো অ্যান্ড ট্যোবাকো প্রোডাক্ট টেকনিক্যাল কমিটি গঠনের মাধ্যমে নিকোটিন পাউচের মান প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তবে এ কমিটিতে সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এবং তামাকবিরোধী সংগঠনগুলোর কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি।
সংগঠন দুটি অভিযোগ করে, কমিটিতে তামাক কোম্পানির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আর্টিক্যাল ৫.৩-এর নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিকোটিন পাউচে তামাকপাতা না থাকলেও এতে উচ্চমাত্রার নিকোটিন থাকে, যা দ্রুত আসক্তি তৈরি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ধরনের পণ্যের ব্যাপারে সতর্ক করে জানিয়েছে, এটি শিশু ও কিশোরদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে এবং হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।
এছাড়া, বিশ্বব্যাপী নিকোটিন পাউচের প্রধান ভোক্তা হিসেবে কিশোর ও তরুণদের একটি বড় অংশকে চিহ্নিত করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের মধ্যে আসক্তি প্রতিরোধে ইতোমধ্যে সিঙ্গাপুর, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও রাশিয়াসহ অন্তত ১৬টি দেশ নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিকোটিন পাউচ নিষিদ্ধের প্রস্তাব দেওয়া হলেও সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। বর্তমানে পণ্যটি বাজারজাতের প্রক্রিয়া এগিয়ে চলছে। জনস্বাস্থ্যের স্বার্থে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এটি নিষিদ্ধ করা জরুরি।”
সংগঠন দুটির মতে, সরকার ইতোমধ্যে তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোর এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে। এ অবস্থায় নিকোটিন পাউচের জন্য জাতীয় মান নির্ধারণের উদ্যোগ সরকারের ঘোষিত জনস্বাস্থ্য নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রজ্ঞা ও আত্মা অবিলম্বে নিকোটিন পাউচের বাজারজাতকরণ বন্ধ এবং এ পণ্য নিষিদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
