নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাজী এ রহমান মার্কেটে অবস্থিত ‘নূর জাহান টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, গত বুধবার রাত থেকে গত বৃহস্পতিবার ভোরের মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানান দোকানের মালিক মো. শিপন। তিনি বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরদিন ভোরে মার্কেটের গেট খোলার পর দোকানে এসে দেখি, দোকানের সাটারের তালা ভাঙা এবং ভেতরের মালামাল নিখোঁজ। অভিযোগপত্র অনুযায়ী, অজ্ঞাতনামা একটি চক্র পরিকল্পিতভাবে দোকানে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে মোট ৫২টি মোবাইল ফোন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া নগদ ২০ হাজার টাকা ও ৫টি পাওয়ার ব্যাংকও খোয়া গেছে।
ভুক্তভোগী আরও জানান, ঘটনাটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে, দোকানের সিসিটিভি ফুটেজে চুরির সাথে জড়িত কয়েকজনের উপস্থিতি ধরা পড়েছে। ফুটেজে তাদের চেহারা স্পষ্ট শনাক্ত করা সম্ভব হয়েছে। বলে জানা গেছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তকারী এসআই শামসুদ দুহা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে কাজ চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
