গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে দুই দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি গুমের ঘটনায় দায়ের করা মামলায় শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রার্থনা করেন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে অভিযুক্তকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
এর আগে চলতি বছরের ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগেও অন্যান্য মামলায় তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মামলাটি গুম সংক্রান্ত গুরুতর অভিযোগের সঙ্গে যুক্ত হওয়ায় বিচার প্রক্রিয়া ঘিরে গুরুত্ব বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
