আবাসন বৃত্তি গ্রহণের প্রক্রিয়া সহজ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাংক হিসাব খোলার কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে বসানো অস্থায়ী বুথগুলো ঘিরে শিক্ষার্থীদের উপস্থিতিতে তৈরি হয়েছে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে এক ভিন্নধর্মী চিত্র দেখা গেছে। আবাসন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পেতে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা বাধ্যতামূলক হওয়ায় ক্যাম্পাসেই একাধিক ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা এখন সহজেই নিজ নিজ ক্যাম্পাসে বসেই হিসাব খোলার সুযোগ পাচ্ছেন।
এই উদ্যোগে এগিয়ে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশক্তি এবং বিভিন্ন জেলা কল্যাণ সমিতি। তাদের সমন্বয়ে বিভিন্ন ব্যাংক ক্যাম্পাসে বুথ স্থাপন করে কার্যক্রম পরিচালনা করছে।
জকসুর তত্ত্বাবধানে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক বুথ চালু করেছে। শাখা ছাত্রদলের উদ্যোগে যমুনা ব্যাংক, ছাত্র অধিকার পরিষদের ব্যবস্থাপনায় আইএফআইসি ব্যাংক, ছাত্রশক্তির মাধ্যমে পূবালী ব্যাংক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সহায়তায় জনতা ব্যাংক এবং ময়মনসিংহ জেলা কল্যাণ সমিতির উদ্যোগে ডাচ্-বাংলা ব্যাংক বুথ স্থাপন করা হয়েছে।
শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফেরদৌস শেখ বলেন, ব্যাংকে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পরিবর্তে ক্যাম্পাসেই যেন দ্রুত ও সহজে হিসাব খোলা যায়—এই লক্ষ্য থেকেই কার্যক্রমটি চালু করা হয়েছে।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আহ্বায়ক মো. সজিব মিয়া জানান, বিশেষ বৃত্তি পাওয়ার জন্য ব্যাংক হিসাব বাধ্যতামূলক হওয়ায় অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছিলেন। তাই জনতা ব্যাংকের সহযোগিতায় ক্যাম্পাসেই এ সেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমিয়েছে।
জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘ব্যাংক হিসাব খোলা সেবা’ শীর্ষক এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কোনো ঝামেলা ছাড়াই হিসাব খুলতে পারছেন। এতে আবাসন ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা গ্রহণে আর কোনো জটিলতা থাকবে না।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, অনেক শিক্ষার্থীর আগে কোনো ব্যাংক হিসাব ছিল না, ফলে তারা বিভিন্ন সমস্যায় পড়ছিলেন। যমুনা ব্যাংকের সহযোগিতায় এখন তারা বিনামূল্যে হিসাব খুলতে পারছেন। এমনকি এক বছরের জন্য ডেবিট কার্ডও বিনামূল্যে দেওয়া হচ্ছে।
ব্যাংক কর্মকর্তারাও জানিয়েছেন, হিসাব খোলার প্রক্রিয়া খুব সহজ রাখা হয়েছে। যমুনা ব্যাংকের কর্মকর্তা পার্থ প্রতিম সাহা বলেন, শিক্ষার্থীরা জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র এবং দুই কপি ছবি নিয়ে এলেই দ্রুত হিসাব খুলতে পারছেন। ইতোমধ্যে কয়েকশ শিক্ষার্থী এই সুবিধা গ্রহণ করেছেন এবং কার্যক্রম আরও কয়েকদিন চলবে।
তবে এ উদ্যোগ ঘিরে কিছু অসন্তোষও দেখা দিয়েছে। একাধিক ব্যাংক কর্মকর্তার অভিযোগ, বুথ স্থাপনের জন্য প্রতিদিন ভাড়া দিতে হচ্ছে। প্রথম দিনে দুই হাজার টাকা এবং পরবর্তী দিনগুলোতে প্রতিদিন এক হাজার টাকা করে দিতে হচ্ছে বলে জানা গেছে।
আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা রাইসুল ইসলাম নয়ন বলেন, শিক্ষার্থীদের জন্য তারা বিনামূল্যে হিসাব খোলার সুযোগ দিচ্ছেন এবং লেনদেনের ক্ষেত্রেও এটিএম ব্যবহারে কোনো ফি নিচ্ছেন না। এরপরও প্রতিদিন বুথ ভাড়া দিতে হওয়ায় তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াসউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে গত ২২ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন ঠিকানায় প্রবেশ করে ২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে ব্যাংক সংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করার নির্দেশ দেওয়া হয়।
সব মিলিয়ে, শিক্ষার্থীদের সুবিধার্থে নেওয়া এই উদ্যোগ একদিকে যেমন স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে কিছু প্রশাসনিক প্রশ্নও সামনে এনেছে। তবে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসভিত্তিক এই সেবা চালু হওয়ায় তা ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
