ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর নৃশংস হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উদ্বেগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা, বিশেষ করে গণমাধ্যম, সংস্কৃতি এবং জ্ঞানভিত্তিক খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, সরকার দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। একইসঙ্গে তিনি সতর্ক করেন, বর্তমান ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও অপতথ্যের বিস্তার সমাজে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই অনলাইন প্ল্যাটফর্মগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। এ লক্ষ্যে বৈশ্বিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হচ্ছে বলে জানান তিনি। এসব আলোচনায় উঠে আসা সুপারিশগুলো বিশ্লেষণ করে একটি সুসংগঠিত রূপরেখা তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং এতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশেষায়িত স্কলারশিপ ও প্রশিক্ষণ সুযোগের কথা উল্লেখ করেন। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে বলেও তিনি মত দেন।
এ সময় তথ্যমন্ত্রী সাম্প্রতিক ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘটে যাওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিতের আহ্বান জানান। জবাবে মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
