সুপ্রিম কোর্টে সরাসরি বিচার কার্যক্রম দেখলেন ১৪৮ বিদেশি-দেশীয় প্রতিনিধি

বাংলাদেশের বিচার ব্যবস্থার কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ পেলেন বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক প্রতিনিধিরা। ন্যাশনাল ডিফেন্স কোর্সের অংশ হিসেবে তারা সুপ্রিম কোর্ট পরিদর্শন করে সরাসরি বিচার কার্যক্রম প্রত্যক্ষ করেন।ন্যা

শনাল ডিফেন্স কোর্স-২০২৬ এর আওতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ১৪৮ জন প্রতিনিধি রাজধানীতে অবস্থিত বাংলাদেশ সুপ্রীম কোর্ট পরিদর্শন করেছেন। তাদের এই সফর ছিল প্রশিক্ষণ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।

সোমবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে দেশের বিচার ব্যবস্থার কাঠামো, স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এবারের কোর্সে অংশ নেওয়া প্রতিনিধিদের মধ্যে ১০৫ জন কোর্স সদস্য এবং ২ জন প্রশিক্ষক সদস্য রয়েছেন। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, নাইজেরিয়া, তাঞ্জানিয়া ও জাম্বিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে প্রতিনিধিরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন বেঞ্চে চলমান বিচার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। এতে তারা বাংলাদেশের বিচার প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফরের মাধ্যমে বিদেশি প্রতিনিধিরা বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো, কার্যক্রম এবং চলমান সংস্কার উদ্যোগ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছেন।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।