সিটি করপোরেশনের অনুমোদনে উচ্ছ্বসিত বগুড়াবাসী, আনন্দের জোয়ার জেলায়

দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বিভাগ, সিটি করপোরেশন, বিমানবন্দর, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সারিয়াকান্দি-জামালপুর দ্বিতীয় যমুনা সেতুর মতো বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের। সেই দাবির ধারাবাহিকতায় বহুল কাঙ্ক্ষিত বগুড়া সিটি করপোরেশনের অনুমোদনের খবরে এখন আনন্দে ভাসছে গোটা জেলা। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

স্থানীয় সূত্র জানায়, নিকার সভায় বগুড়া সিটি করপোরেশনের অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় অভিনন্দনের বন্যা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সিদ্ধান্তকে জেলার উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনার নতুন অধ্যায় হিসেবে দেখছেন। অনেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করছেন।

স্থানীয়দের ভাষ্য, বগুড়া উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে এটি সিটি করপোরেশনে উন্নীত করার দাবি উপেক্ষিত ছিল। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে বলে তারা মনে করছেন।

এর আগে গত ২০ এপ্রিল বগুড়া পৌরসভা চত্বরে সিটি করপোরেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মাত্র ১৭ দিনের ব্যবধানে আনুষ্ঠানিক অনুমোদনের খবর আসায় স্থানীয়দের আনন্দ আরও বেড়ে যায়।

নাগরিকরা আশা করছেন, সিটি করপোরেশন বাস্তবায়িত হলে নগর পরিকল্পনা, সড়ক উন্নয়ন, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে। পাশাপাশি বগুড়ার সামগ্রিক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নেও নতুন গতি আসবে।