সরকারি জমিতে দেশের প্রথম পিপিপি সৌর বিদ্যুৎ প্রকল্প হচ্ছে ফেনীতে

ফেনীর সোনাগাজীতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি জমিতে দেশের প্রথম পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এ লক্ষ্যে বেজা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই করেন বেজার নির্বাহী বোর্ডের সচিব (যুগ্ম সচিব) জুলিয়া মঈন এবং বিপিডিবির সচিব আফরোজা সুলতানা।

বেজার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের মীরসরাই ও ফেনী অঞ্চলে গড়ে ওঠা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি জমিতে পিপিপি ভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফেনীর সোনাগাজীতে বেজার মালিকানাধীন প্রায় ৪১২ একর জমিতে বৃহৎ সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। সরকারি অব্যবহৃত জমিকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যবহারের ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদিত ‘গাইডলাইনস ফর ডেভেলপমেন্ট অব রিনিউএবল এনার্জি প্রজেক্টস ইউজিং ল্যান্ড ওনড বাই গভর্নমেন্ট এজেন্সিজ আন্ডার পিপিপি মডালিটি, ২০২৬’-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। গত ৭ এপ্রিল সরকার নতুন এ গাইডলাইন অনুমোদন দেয়।

এর আগে ২০২৫ সালের ৬ মার্চ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে চলতি বছরের ২ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সভায় সোনাগাজীর এ প্রকল্পকে নতুন গাইডলাইনের আওতায় ‘পাইলট প্রকল্প’ হিসেবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

গাইডলাইন অনুযায়ী, সরকারি জমিতে পিপিপি পদ্ধতিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ‘কন্ট্র্যাক্টিং অথরিটি’ হিসেবে দায়িত্ব পালন করবে। অন্যদিকে জমির মালিক সংস্থা হিসেবে থাকবে বেজা।

বেজা জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিবেশবান্ধব শিল্পায়ন ও সবুজ জ্বালানির ব্যবহার বাড়বে। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, সরকারি জমির কার্যকর ব্যবহার নিশ্চিতকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার নতুন সুযোগ সৃষ্টি হবে।

সংস্থাটি আরও জানায়, প্রকল্পটির সম্ভাবনা, বিনিয়োগ আগ্রহ ও অংশীদারত্বের সুযোগ নিয়ে দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে শিগগিরই একটি ‘মার্কেট সাউন্ডিং’ কর্মশালা আয়োজন করা হবে। এ প্রকল্পে ব্যাটারি স্টোরেজ সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করার বিষয়ও বিবেচনায় রয়েছে।

অনুষ্ঠানে বেজা, বিপিডিবি ও পিপিপি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।