মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার ভোর থেকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও প্রকট হয়ে ওঠে। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও পণ্যবাহী যানবাহনের চালকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল ব্যাহত হওয়ায় গজারিয়া অংশজুড়ে দীর্ঘ সারিতে আটকা পড়ে শত শত যানবাহন। ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের গতি একেবারে ধীর হয়ে যায় এবং কোথাও কোথাও সম্পূর্ণ থেমে যায়।
যানজটে আটকে থাকা ট্রাকচালক জহির মিয়া বলেন, “ভবেরচর থেকে জামালদি বাসস্ট্যান্ড পর্যন্ত আসতেই প্রায় দেড় ঘণ্টা ধরে আটকে আছি। কখন গাজীপুর পৌঁছাতে পারব, বলতে পারছি না।”
একই দুর্ভোগের কথা জানিয়ে বাসচালক শহিদ বলেন, “ভাটেরচর এলাকা থেকে জ্যামে পড়ে আছি। কখন গন্তব্যে পৌঁছাতে পারব, সেটাও জানি না।”
একজন বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই মহাসড়কে প্রায়ই যানজটের মুখে পড়তে হয়। ফলে নির্ধারিত সময়ে কোথাও পৌঁছানো সম্ভব হয় না।”
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সোনারগাঁয়ের আষাঢ়ির চর এলাকায় একটি ট্রাক উল্টে যাওয়ার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং তার প্রভাব গজারিয়া অংশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
