পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ত উদ্যোগের আহ্বান, ঢাবিতে বৃক্ষরোপণ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা এবং গবেষণাভিত্তিক ভবিষ্যৎ প্রজন্ম গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেওয়া এ কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান।

বুধবার (১০ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন তিনি। পরে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’র উদ্বোধন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণের একটি উদ্যোগ নয়, বরং এটি একটি সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৃথিবী নির্মাণের গুরুত্বপূর্ণ উপায়। তিনি বলেন, গাছ মানুষের জন্য ছায়া, অক্সিজেন ও পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করে।

তিনি বৃক্ষরোপণ কার্যক্রমকে কেবল আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি ‘সবুজ বিপ্লবে’ রূপ দেওয়ার আহ্বান জানান। তার মতে, পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষের সম্পৃক্ততা জরুরি।

এ লক্ষ্যে তিনি গ্রিন ভলান্টিয়ারিজম বা সবুজ স্বেচ্ছাসেবা কার্যক্রম চালু, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ প্রবর্তন এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠনের প্রস্তাব তুলে ধরেন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গ্রাম ও শহরগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বিভিন্ন সমস্যার টেকসই সমাধানে গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থী ও শিক্ষকরা গবেষণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের নানা চ্যালেঞ্জের কার্যকর সমাধান বের করতে সক্ষম।

শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে স্কুল পর্যায়ের পাঠ্যক্রমে ‘সবুজ স্বেচ্ছাসেবা’ বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় আগামীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানান।

জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম, সাবেক উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, জেডআরএফের পরিচালক মোস্তফা আজিজ সুমন এবং কৃষিবিদ বয়জার রহমান।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গঠিত বিশেষ কমিটির আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং জেডআরএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে বুধবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।