বাংলাদেশে মাস্টারকার্ডের নেতৃত্বে পরিবর্তন, কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব নিলেন জাকিয়া সুলতানা

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট খাতের সম্প্রসারণ ও আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন নেতৃত্ব নিয়োগ দিয়েছে বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ড। প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যক্রমের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকিয়া সুলতানা।

তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এই নিয়োগের মাধ্যমে তিনি সৈয়দ মোহাম্মদ কামালের স্থলাভিষিক্ত হয়েছেন। দীর্ঘ ১৩ বছরের কর্মজীবন শেষে সৈয়দ মোহাম্মদ কামাল চলতি বছরের শেষ দিকে অবসরে যাচ্ছেন। তার নেতৃত্বে গত এক দশকেরও বেশি সময়ে বাংলাদেশে মাস্টারকার্ডের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে এবং দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামো শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মাস্টারকার্ডে জাকিয়া সুলতানার যাত্রা শুরু হয় ২০১৫ সালে। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠানটির ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ সময়ে তার নেতৃত্বে আর্থিক অন্তর্ভুক্তি, ব্যবসা সম্প্রসারণ এবং বিভিন্ন কৌশলগত উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যা দেশে মাস্টারকার্ডের কার্যক্রম ও অংশীদার নেটওয়ার্ক বিস্তারে সহায়ক ভূমিকা রেখেছে।

নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে মাস্টারকার্ডের সামগ্রিক কার্যক্রম তদারকির পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবহারের প্রসার, গ্রাহক ও অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অন্তর্ভুক্তিমূলক পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে অগ্রাধিকার দেবেন। তিনি দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের দায়িত্বপ্রাপ্ত গ্রুপ কান্ট্রি ম্যানেজার সান্দুন হাপুগোদার কাছে রিপোর্ট করবেন।

মাস্টারকার্ডের সাউথ এশিয়া বিভাগের প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, বাংলাদেশের দ্রুত ডিজিটাল অগ্রগতি এবং প্রযুক্তিনির্ভর পেমেন্ট ব্যবস্থার বিস্তার দেশটিকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজারে পরিণত করেছে। তার মতে, জাকিয়া সুলতানার অভিজ্ঞতা, বাজার সম্পর্কে গভীর ধারণা এবং অংশীদারদের সঙ্গে কার্যকর সম্পর্ক ভবিষ্যতে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।

নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় জাকিয়া সুলতানা বলেন, দেশের ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ সময়ে এ দায়িত্ব পাওয়া তার জন্য গর্বের বিষয়। তিনি গ্রাহক, অংশীদার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ, উদ্ভাবনী এবং সবার জন্য সহজলভ্য পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

টেলিযোগাযোগ ও আর্থিক সেবা খাতে জাকিয়া সুলতানার অভিজ্ঞতা ২৬ বছরেরও বেশি। কর্মজীবনে তিনি গ্রামীণফোন, এয়ারটেল ও বাংলালিংকের মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া এইচএসবিসিসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।