দেশের মোবাইল ও ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে নতুন অর্থবছরের বাজেটে মোবাইল সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে টেলিযোগাযোগ ও ডিজিটাল খাতে বড় ধরনের সংস্কারমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব দেন।
প্রস্তাব অনুযায়ী, সিম কার্ড কেনার সময় আর ৩০০ টাকা কর দিতে হবে না, ফলে নতুন গ্রাহকদের জন্য সংযোগ গ্রহণ আরও সাশ্রয়ী হবে এবং বাজারে প্রতিযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের টেলিযোগাযোগ খাতে করের চাপ তুলনামূলকভাবে বেশি। টেলিকম খাতে প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত কর রয়েছে, যা আন্তর্জাতিক মানের তুলনায় বেশি। এই কারণে খাতটির টেকসই বিকাশ নিশ্চিত করতে কর কাঠামো ধাপে ধাপে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিম কর প্রত্যাহারের ফলে ২০২৬-২৭ অর্থবছরে সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব কমে যেতে পারে। তবে দীর্ঘমেয়াদে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো এবং নতুন ব্যবহারকারী যুক্ত করার মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সরকার আশা করছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি খাতকে ‘থ্রাস্ট সেক্টর’ হিসেবে বিবেচনা করে সরকার কর, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় বড় ধরনের সংস্কার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এর লক্ষ্য ডিজিটাল অর্থনীতিকে আরও বিস্তৃত করা এবং প্রযুক্তিনির্ভর সেবা সহজলভ্য করা।
এদিকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো। তারা মনে করছে, সিম কর প্রত্যাহারের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মোবাইল ও ইন্টারনেট সেবায় প্রবেশ আরও সহজ হবে। ফলে শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক সেবা ও ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ বাড়বে।
রবি’র চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, সিম কর প্রত্যাহার দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এখনো সংযুক্ত নয় এমন জনগোষ্ঠীকে দ্রুত নেটওয়ার্কের আওতায় আনবে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, এই উদ্যোগ নতুন বিনিয়োগ আকর্ষণ করবে এবং ডিজিটাল সেবার সম্প্রসারণকে আরও গতিশীল করবে।
