আসামের শিলচর এলাকায় ৪.৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকার কাছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।

ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। বাংলাদেশ সময় তখন ছিল রাত ৯টা ৪০ মিনিট।

ইএমএসসি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসামের সীমান্তবর্তী শিলচর এলাকায়, যা বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ৯২ কিলোমিটার পূর্বে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।