রাবিতে ছাত্রলীগের সাবেক নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম চালানোর অভিযোগে সংগঠনটির এক সাবেক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সোলাইমান। তিনি মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কয়েকজন শিক্ষার্থী সোলাইমানকে আটক করে প্রথমে প্রক্টর দপ্তরে নিয়ে যান। সেখানে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, “ছাত্রলীগের শাসনামলে এক শিক্ষার্থীকে টর্চার সেলে নির্যাতনের ঘটনায় সোলাইমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা তাকে শনাক্ত করে প্রক্টর অফিসে নিয়ে আসে। পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগকে পুনরায় সক্রিয় করার বিভিন্ন তৎপরতার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সোলাইমান মোবাইল ফোন ব্যবহার করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম সমন্বয় করছিলেন। সংগঠনের সদস্যরা গোপনে বৈঠক করে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”