আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির লাইসেন্স বাতিলের ক্ষেত্রে প্রয়োগ করা আইনটির সাংবিধানিক বৈধতাও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-এর কিছু বিধানও চ্যালেঞ্জ করা হয়েছে বলে জানান আবেদনকারী আইনজীবী।

গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ দেয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রাখা হয়।

এর আগে গত ২৭ মে ঈদের আগের দিন সকালে হাসপাতালটির পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা এবং বিকল্প বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় কক্ষের ভেতরে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যায়। এসব কারণই নবজাতকদের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়।