রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম ও আগাম সতর্কীকরণ ব্যবস্থায় সহযোগিতা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছে ইইউ।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, বৈঠকে ত্রাণমন্ত্রী বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে ইইউর কার্যকর সহযোগিতা কামনা করেন।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশের দুর্যোগ মোকাবিলা সক্ষমতার প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগ চলাকালে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী পুনর্বাসন উদ্যোগের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি অনুকরণীয় উদাহরণ।
এ সময় ভূমিকম্প মোকাবিলা, উদ্ধার অভিযান, আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) এবং রেসকিউ সেন্টার উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আরও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও ঘনিষ্ঠ ও বহুমাত্রিক হবে।
