মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে আহ্বান ভূমি মন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং মানবসম্পদ উন্নয়নে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ভূমি মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক রয়েছে। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণা খাতে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও আধুনিকীকরণ কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, ভূমিসেবা আধুনিকীকরণ বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য। সেবা ডিজিটালাইজেশনের ফলে জনগণ সরাসরি উপকৃত হচ্ছে এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগীদের প্রভাবও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারাকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহত করা, মানবাধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অতীতে যুক্তরাষ্ট্র যেভাবে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠকে ভূমি মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।