পর্যটন-ব্যাংকিং-আইটি খাতের ২০ প্রতিষ্ঠান নিয়ে হিল ভিউ কনভেনশন

  • বান্দরবানে নারীদের কর্মসংস্থানের দ্বার উন্মোচন করল ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষ নারী ও কিশোরীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’। শহরের হিল ভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত এই মেলায় পর্যটন, ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, রিটেইল ও আতিথেয়তাসহ বিভিন্ন খাতের ২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীরা সরাসরি সাক্ষাৎকার, সিভি যাচাই ও ক্যারিয়ার পরামর্শ নেওয়ার সুযোগ পান বিডিজবস, ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং, সম্ভব জবস ও সাইরু হিল রিসোর্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে।

‘স্বপ্নের সারথী-গার্লস এডুকেশন অ্যান্ড স্কিলস পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় এই জব ফেয়ারের আয়োজন করা হয়। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, জেলায় পর্যটন ও সেবাখাত দ্রুত সম্প্রসারিত হলেও দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। এ ধরনের উদ্যোগ সেই ঘাটতি পূরণে সহায়ক হবে। ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ফাহমিদা শবনম বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা কাজের সুযোগ পেলে দ্রুত নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারে। জব ফেয়ার তাদের জন্য সেই সুযোগ তৈরি করছে।

প্রকল্প সমন্বয়কারী জাহিদ হোসেন জানান, প্রশিক্ষণের পাশাপাশি দক্ষ তরুণীদের সঙ্গে স্থানীয় নিয়োগদাতাদের সংযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্প সংশ্লিষ্টরা আরও জানান, ‘স্বপ্নের সারথী’ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৪ হাজার ১০০ নারী ও কিশোরীকে খাদ্য পরিবেশন, রিটেইল, হাউসকিপিং ও কম্পিউটার দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মোবাইল প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দুর্গম এলাকার আরও ১ হাজার ৩২০ জনের কাছে পৌঁছানো হয়েছে। পাশাপাশি ‘পাসপোর্ট টু আর্নিং’ প্ল্যাটফর্মের মাধ্যমে ৫ হাজার ৪০০ শিক্ষার্থী ডিজিটাল দক্ষতা ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ নিচ্ছেন।

একই উদ্যোগের অংশ হিসেবে আজ ১৮ জুন কক্সবাজারের হোটেল সি প্যালেসে আরও একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। সেখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।