- ১৩ বছরের নিচে শিক্ষার্থীদের জন্য নিবন্ধন শুরু, জাতীয় দল পাবে আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের স্বপ্ন
দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় মেধা যাচাই প্রতিযোগিতা ‘বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) ২০২৬’-এর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সোসাইটি ফর দ্য পপুলারাইজেশন অব সায়েন্স, বাংলাদেশ (এসপিএসবি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে এই অলিম্পিয়াডের আয়োজন করছে। এ প্রতিযোগিতার মাধ্যমেই ২০২৬ সালের ২-৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় দল নির্বাচন করা হবে।
অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের বয়স ১৩ বছরের নিচে (জন্ম ১ অক্টোবর ২০১৩-এর পর) হতে হবে এবং সর্বোচ্চ ষষ্ঠ শ্রেণি বা তার নিচে অধ্যয়নরত থাকতে হবে। সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার প্রস্তুতিতে থাকা ব্রিটিশ কারিকুলামের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে আয়োজক কমিটি।
শিক্ষার্থীরা অলিম্পিয়াড ক্যাটাগরি ও কুইজ ক্যাটাগরি- এই দুই ভাগের যেকোনো একটিতে অংশ নিতে পারবেন। অলিম্পিয়াড ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণি বা তার নিচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন, আর কুইজ ক্যাটাগরিটি তৃতীয় শ্রেণি বা তার নিচের শিশুদের জন্য রাখা হয়েছে গণিত ও বিজ্ঞানভিত্তিক আনন্দদায়ক ও কৌতূহল উদ্দীপক প্রতিযোগিতা হিসেবে। তবে কুইজ ক্যাটাগরির বিজয়ীরা আবাসিক ক্যাম্প বা আন্তর্জাতিক অলিম্পিয়াডে যাওয়ার সুযোগ পাবেন না।
আগামী মাসে (জুলাই ২০২৬) ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুরে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। তারপর ৩ দিনব্যাপী আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত ট্রায়াল সিলেকশন টেস্টের মাধ্যমে ১২ সদস্যের জাতীয় দল গঠন করা হবে—গণিতে ৬ জন এবং বিজ্ঞানে ৬ জন। গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইএমএসও-তে বাংলাদেশ ১২ জনের মধ্যে ২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদকসহ শতভাগ সাফল্য অর্জন করেছিল, যা এবারের আয়োজনে বাড়তি উৎসাহ জোগাচ্ছে।
এসপিএসবি ও বিডিওএসএনের সভাপতি মুনির হাসান বলেন, “এ আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে মুখস্থনির্ভরতার বদলে গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ, অনুসন্ধিৎসা এবং যৌক্তিক চিন্তাশক্তি গড়ে তোলা।”
আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট bdmso.org-এ গিয়ে নিবন্ধন করতে পারবেন।
