সংস্কৃতির সেতুবন্ধন: ব্রিটিশ কাউন্সিলের সিটিসি গ্র্যান্টস ২০২৬-এর আবেদন শুরু

  • বাংলাদেশসহ ৩৫ দেশের সৃজনশীল কর্মীদের জন্য ২৪ লাখ টাকা পর্যন্ত অনুদান, থাকছে ওয়েবিনার ও সহায়তা

আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা ও সৃজনশীল অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনে ব্রিটিশ কাউন্সিলের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘কানেকশনস থ্রু কালচার (সিটিসি) গ্র্যান্টস’ ২০২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ ৩৫টি দেশের সৃজনশীল পেশাজীবী ও প্রতিষ্ঠানের মধ্যে যৌথ প্রকল্প, সাংস্কৃতিক বিনিময় এবং অংশীদারিত্ব গড়ে তুলতে সিড ফান্ড অনুদান প্রদান করা হবে।

ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, এই অনুদান কর্মসূচির মূল লক্ষ্য আন্তসাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিল্প ও সংস্কৃতি খাতে নতুন যৌথ উদ্যোগকে উৎসাহিত করা। আন্তসাংস্কৃতিক সহযোগিতা ইতিবাচক পরিবর্তন আনে—এই বিশ্বাস থেকেই এ উদ্যোগ পরিচালিত হচ্ছে বলে জানান ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। তাঁর মতে, এই গ্র্যান্টস শিল্পী ও সৃজনশীল পেশাজীবীদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি করে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলে।

গত বছর এ কর্মসূচির আওতায় ১৯টি দেশে ১২৭টি প্রকল্প অনুদান পেয়েছিল, যার মধ্যে বাংলাদেশের সাতটি প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। এবারের আয়োজনেও বাংলাদেশি শিল্পী ও সংগঠনগুলোর জন্য রয়েছে বড় সম্ভাবনা।

২০২৬ সালের অনুদান কর্মসূচিতে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সৃজনশীল পেশাজীবী, বিভিন্ন উৎসব, বিয়েনাল, ক্রিয়েটিভ হাব এবং সাংস্কৃতিক সংগঠন আবেদন করতে পারবেন। তবে প্রকল্পে যুক্তরাজ্যভিত্তিক অন্তত একজন অংশীদার এবং সংশ্লিষ্ট দেশের একটি নিবন্ধিত প্রতিষ্ঠান থাকা বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়া ও মানসম্মত প্রস্তাব তৈরিতে সহায়তার জন্য ব্রিটিশ কাউন্সিল চারটি তথ্যবিষয়ক ওয়েবিনারের আয়োজন করবে। প্রথম সেশন অনুষ্ঠিত হবে ৩০ জুন, বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে আড়াইটা এবং রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত। পরবর্তী সেশনগুলো ১ জুলাই অনুষ্ঠিত হবে, যেখানে ভিজ্যুয়াল আর্টস, ডিজাইন, ফ্যাশন, ডিজিটাল আর্টস, এক্সআর ও গেমিংসহ বিভিন্ন বিষয় আলোচিত হবে।

অনুদানের আওতায় যৌথ প্রকল্প, রেসিডেন্সি, গবেষণা, প্রদর্শনী, পরিবেশনা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়মূলক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। সর্বোচ্চ অনুদান নির্ধারণ করা হয়েছে প্রায় ২৪ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত।

আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তিরা আবেদন করতে পারবেন ১৩ আগস্ট ২০২৬, বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৯ মিনিটের মধ্যে। বিস্তারিত তথ্য ও আবেদন নির্দেশিকা পাওয়া যাবে ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে।