নেপালে ভয়াবহ বন্যার মধ্যেও নিরাপদ তাসরিফ খান ও তার দল

  • বিনোদন প্রতিবেদক

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় শত শত পর্যটক নিখোঁজ ও প্রাণহানির খবরের মধ্যে নিজের ও দলের নিরাপত্তার কথা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, নেপালে অবস্থান করলেও তারা এখন পর্যন্ত নিরাপদে আছেন।

নেপালের উত্তরাঞ্চলের তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় বুধবার ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডের ঘটনা ঘটে। এতে বহু মানুষ নিখোঁজ ও হতাহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাসরিফ ও তার দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তাসরিফ জানান, তারা নেপালেই রয়েছেন এবং এখন পর্যন্ত সুস্থ ও নিরাপদ আছেন। একই সঙ্গে দেশের ভেতর ও বাইরে থেকে যারা তাদের খোঁজ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বার্তায় তাসরিফ বলেন, নেপালের উত্তরাঞ্চলে তিব্বত-চীন সীমান্তের কাছে রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হেনেছে। এতে শত শত পর্যটক নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা বাড়ছে।

তিনি আরও জানান, ঘটনাটি নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজেরা নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন এই সংগীতশিল্পী।

এদিকে রাসুয়া ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যার পর উদ্ধার তৎপরতা চলছে। দুর্যোগের কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেখানে অবস্থানরত পর্যটকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।

তাসরিফের নিরাপদ থাকার খবর পাওয়ার পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরেছে।