শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ

সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে এবং ১৬ জুলাই শেষ হবে।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

মাউশি থেকে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সময়সূচি সংশোধন করা হয়েছে।

আগের সূচি অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল। তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নতুন সময়সূচি সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের জন্য অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।