বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের খবর গুজব, ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করল জেলা প্রশাসন

বান্দরবানের রুমা ও থানচি উপজেলার পর্যটনকেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য পর্যটক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার কোনো পর্যটনকেন্দ্র বন্ধ করা হয়নি এবং ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কিত যে নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে জেলা প্রশাসনের কোনো সম্পর্ক নেই।

জানা গেছে, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, রুমা উপজেলার বগালেক, কেওক্রাডং, সংসংপাড়া এবং থানচি উপজেলার সব পর্যটনকেন্দ্রে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সীমান্ত এলাকায় নতুন একটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার অজুহাতে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ার পর পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসন দ্রুত এর সত্যতা যাচাই করে এবং সেটিকে ভুয়া বলে ঘোষণা দেয়।

জেলা প্রশাসনের জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত নোটিশে স্থানীয় সরকার ও আইনশৃঙ্খলা শাখার নাম ব্যবহার করা হয়েছে, অথচ জেলা প্রশাসনে এ নামে কোনো শাখা নেই। এছাড়া বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী হিসেবে উল্লেখিত মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে কোনো কর্মকর্তাও জেলা প্রশাসনে কর্মরত নন।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই নোটিশ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বান্দরবানের কোনো পর্যটনকেন্দ্র বন্ধ করা হয়নি এবং পর্যটকদের ভ্রমণে কোনো নিষেধাজ্ঞাও আরোপ করা হয়নি।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জনগণকে তথ্য যাচাই ছাড়া কোনো খবর বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়ে বলেন, ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সীমান্তবর্তী কিছু এলাকায় বিভিন্ন ধরনের গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।