বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা

চীনের দালিয়ান থেকে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। এ সময় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে উচ্চগতির ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। স্টেশনে পৌঁছানোর পর চীনের শুল্ক প্রশাসনের মন্ত্রী ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুন মেইজুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অভ্যর্থনা অনুষ্ঠানে স্থানীয় শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। পরে আনুষ্ঠানিকতা শেষে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাদের বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথিশালা দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালীন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।

এর আগে বুধবার সকালে দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মালয়েশিয়া সফর শেষে গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফরই তার প্রথম বিদেশ সফর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।