নগদে চালু হলো বাংলা কিউআর সেবা, বাড়ল আন্তঃলেনদেন সুবিধা

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ তাদের গ্রাহকদের জন্য বাংলা কিউআরভিত্তিক পরিশোধ সেবা চালু করেছে। একই সঙ্গে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের সুবিধাও যুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মটিতে। এর ফলে নগদ ব্যবহারকারীরা এখন সারা দেশে প্রায় ১০ লাখ বিক্রয় প্রতিষ্ঠানে বাংলা কিউআর ব্যবহার করে সরাসরি অর্থ পরিশোধ করতে পারবেন।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগদ জানিয়েছে, বাংলা কিউআর চালুর মাধ্যমে গ্রাহকরা দেশের যেকোনো দোকান, রেস্তোরাঁ, বিপণিবিতান কিংবা বাজারে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে সহজেই অর্থ পরিশোধ করতে পারবেন। এতে বিভিন্ন ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার জন্য আলাদা আলাদা কিউআর কোড ব্যবহারের প্রয়োজন হবে না।

প্রতিষ্ঠানটির মতে, একটিমাত্র বাংলা কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্ল্যাটফর্মের গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করা সম্ভব হবে। ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা লেনদেন ব্যবস্থাপনায় আরও বেশি সুবিধা পাবেন এবং ডিজিটাল অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারিত হবে।

বাংলা কিউআর সেবার পাশাপাশি নগদে যুক্ত হয়েছে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের সুবিধা। এর মাধ্যমে গ্রাহকরা দেশের যেকোনো ব্যাংক হিসাব অথবা অন্য মোবাইল আর্থিক সেবার হিসাব থেকে নগদ অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারবেন।

এ ছাড়া নগদ অ্যাকাউন্ট থেকেও তাৎক্ষণিকভাবে ব্যাংক হিসাব কিংবা অন্যান্য মোবাইল আর্থিক সেবার অ্যাকাউন্টে অর্থ পাঠানো যাবে। ফলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে অর্থ লেনদেন আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।