নারীবাদী সবুজ রূপান্তর এবং টেকসই অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে তিনটি প্রতিষ্ঠানকে। একই সঙ্গে পরিবেশবান্ধব ও উদ্ভাবনী উদ্যোগের জন্য দুই তৃণমূল উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার ও সম্মাননা তুলে দেয় একশনএইড বাংলাদেশ।
এ বছর তরুণ নেতৃত্বাধীন সবুজ উদ্যোগ বিভাগে পুরস্কার পেয়েছে ‘স্বচ্ছ’ এবং ‘ওয়ার্ল্ডলিংকআপ’। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিভাগে পুরস্কার অর্জন করেছে ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড’।
আয়োজকরা জানান, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারে অবদানের জন্য ‘স্বচ্ছ’ এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও সবুজ প্রযুক্তির প্রসারে ভূমিকা রাখার জন্য ‘ওয়ার্ল্ডলিংকআপ’কে পুরস্কৃত করা হয়েছে। অন্যদিকে স্থানীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব হস্তশিল্প উৎপাদন এবং টেকসই অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড’ এ সম্মাননা পেয়েছে।
বিশেষ সম্মাননা পেয়েছেন বগুড়ার নারী উদ্যোক্তা শারমিন আক্তার এবং ঠাকুরগাঁওয়ের সৌরবিদ্যুৎ উদ্যোক্তা সোলেমান আলী। শারমিন আক্তার উচ্ছিষ্ট কাপড় ও সুতা পুনর্ব্যবহার করে ২০০-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। অন্যদিকে ‘সোলার ম্যান’ নামে পরিচিত সোলেমান আলী কৃষি সেচে স্বল্প খরচে সৌরবিদ্যুৎ ব্যবহারের একটি উদ্ভাবনী মডেল চালু করে স্থানীয় কৃষকদের সহায়তা করে আসছেন।
অনুষ্ঠানে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তাদের স্বীকৃতি দিতেই এ আয়োজন। তিনি বলেন, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও সমাজকর্মী আফজাল হোসেন এবং আইনজীবী ও ব্যবসায়ী নেতা ব্যারিস্টার নিহাদ কবির। তারা পরিবেশ সুরক্ষা, সামাজিক মূল্যবোধ, নারী অধিকার এবং টেকসই উন্নয়নে তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।
একশনএইড বাংলাদেশ জানায়, এ বছর পুরস্কারের জন্য ২৭টি আবেদন জমা পড়েছিল। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেখান থেকে চূড়ান্তভাবে বিজয়ীদের নির্বাচন করা হয়।
উল্লেখ্য, নারীবাদী সবুজ জলবায়ু রূপান্তর এবং টেকসই উন্নয়নে অবদান রাখা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৫ সালে ‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড’ চালু করে একশনএইড বাংলাদেশ।
