বেইজিং, ২৫ জুন: চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং দেশটির রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। চীনের রাজধানী বেইজিংয়ে সফররত প্রধানমন্ত্রীর কর্মসূচি তুলে ধরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
তিনি জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় একই স্থানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। সফরের প্রথম ধাপে তিনি মালয়েশিয়া সফর করেন এবং দ্বিতীয় ধাপে চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ অংশ নেন।
তিনি জানান, দালিয়ানে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেন। সেখানে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে তার মতবিনিময় হয়।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সফরের তৃতীয় ধাপে গতকাল বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয় এবং পূর্ণ প্রোটোকলের মধ্য দিয়ে দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় নিয়ে যাওয়া হয়।
মাহ্দী আমিন বলেন, এ সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, জনগণের মধ্যে যোগাযোগ জোরদার এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি।
সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়োয়িংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনাসহ নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন, নদীভাঙন প্রতিরোধ, সেচ ও নৌপথ উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এদিকে বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ উদ্যোগে ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চীনের ৮০টি শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ উৎপাদন ও শিল্প খাতের একটি প্রতিযোগিতামূলক গন্তব্যে পরিণত হতে পারে। তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
একই দিনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্পে অংশীদারত্ব আরও জোরদার করাই এ সফরের অন্যতম লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, চীনের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দুটির মাধ্যমে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।
তিনি আরও জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে ফলাফল সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে পুনরায় সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।
