দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশিদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ সম্প্রসারণে ‘স্পার্ক’ নামে একটি বৈশ্বিক ডিজিটাল সামাজিক ব্যবসাভিত্তিক প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে গ্রামীণ কমিউনিকেশনস ও জাপানের উইক কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সামাজিক ব্যবসা দিবস ২০২৬-এর দ্বিতীয় দিনের আয়োজনে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উইক কোম্পানি লিমিটেডের প্রতিনিধি পরিচালক ইয়োশিকানে নাকামিচি এবং গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ।
প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, সামাজিক ব্যবসার নীতির ভিত্তিতে গড়ে ওঠা ‘স্পার্ক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। এর মাধ্যমে দক্ষতাভিত্তিক আয়, মুক্ত পেশায় কাজের সুযোগ এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।
এ ছাড়া চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে সহায়তা করবে এই প্ল্যাটফর্ম। পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র বিনিয়োগ এবং সম্পদ গঠনের সুযোগ সৃষ্টি করে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সক্ষমতা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, গ্রামীণ কমিউনিকেশনসের নির্বাহী সহসভাপতি নাজনীন সুলতানা, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ।
সংশ্লিষ্টদের মতে, ‘স্পার্ক’ প্ল্যাটফর্ম দেশে ও বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য প্রযুক্তিনির্ভর একটি সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
