এলপিজির দাম কমল, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা

  • অটোগ্যাসের নতুন দাম লিটারপ্রতি ৭০ টাকা ৪০ পয়সা, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকর

ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসির জারি করা এক আদেশে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, জুলাই মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত চুক্তিমূল্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ মাসে প্রোপেনের প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৫৮০ মার্কিন ডলার এবং বিউটেনের ৬০০ মার্কিন ডলার। ৩৫:৬৫ অনুপাতে দুই গ্যাসের গড় মূল্য দাঁড়িয়েছে ৫৯৩ মার্কিন ডলার। এছাড়া প্রতি মেট্রিক টনে ১৮০ মার্কিন ডলার জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৮ পয়সা বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী প্রতি কেজি বোতলজাত এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা। সে অনুযায়ী ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯১ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯১০ টাকা, ১৬ কেজির ২ হাজার ৩৭ টাকা, ১৮ কেজির ২ হাজার ২৯১ টাকা, ২০ কেজির ২ হাজার ৫৪৬ টাকা, ২২ কেজির ২ হাজার ৮০১ টাকা, ২৫ কেজির ৩ হাজার ১৮৩ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৮১৯ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ২০১ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৪৫৬ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭২৯ টাকা।

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১২৩ টাকা ৫৫ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৭৪ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৭০ টাকা ৪০ পয়সা। গত মাসে এ দাম ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা। অর্থাৎ এক লিটারে দাম কমেছে ১৬ টাকা ৫৩ পয়সা।

তবে সরকারি এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। সরকারি ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল থাকবে।

বিইআরসি আরও জানিয়েছে, কমিশন নির্ধারিত দামের বেশি মূল্যে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

এর আগে গত ২ জুন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। জুলাই মাসের নতুন সমন্বয়ে এক মাসের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম আরও ৩৫৭ টাকা কমেছে।